রাজধানীর আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন বহুতল ভবন (১৪ তলা) থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. রোকন (৩২) ও শাহাদাত হোসেন (২২)। শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
তাদের সহকর্মী কবির হোসেন জানিয়েছেন, জুমার নামাজের পর ওই ভবনে গাঁথুনির কাজ করার সময় তারা একতলা সেফটি টিনের চালের ওপর পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কবির হোসেন আরও বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলছিল। তবে কোন তলা থেকে তারা পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।’
মৃত দুজনেরই গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে বলে জানিয়েছেন উদ্ধারকারী সহকর্মী কবির হোসেন।