‘বেভারেজ ‍কোম্পানিকে প্লাস্টিকের বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নিতে হবে’

কোমাল পানীয় বাজারজাতকরণ কোম্পানিগুলোকে তাদের সরবরাহকৃত বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রবিবার (২৮ আগস্ট) আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জলাবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। দায়বদ্ধতার জায়গা থেকে কোম্পানিগুলোকে এ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান মেয়র।

মেয়র আতিক বলেন, ‘আমরা প্লাস্টিক দ্বারা পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছি। যারা পানীয় উৎপাদন করছেন এবং প্লাটিকের বোতলে বাজারজাত করছেন, তাদের সরবরাহকৃত বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তাদের চিন্তা করতে হবে কীভাবে এটা সংগ্রহ ও পুনরায় ব্যবহার করতে পারি। প্রয়োজনে আপনারা পানীয়ের দামের সঙ্গে আরও কিছু টাকা যোগ করেন। মূল দাম ১০ টাকা তার সঙ্গে যোগ করেন আর পাঁচ টাকা। ক্রেতাদের বলেন, বোতল ফেরত দিলে টাকা ফেরত পাবেন।’

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ বাচাঁতে এ ধরনের চর্চা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরও এ দায়িত্ব নিতে হবে।

মেয়র বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে যারা পানীয় বিক্রি করবেন এবং কিনবেন সবাইকে দায়িত্ব নিতে হবে। ঢাকায় জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক। প্লাস্টিকের কারণে ঢাকায় পানি নিষ্কাশন নর্দমা আটকে যায়। বিভিন্ন খাল ও লেকে পাওয়া যায় প্লাস্টিকের বোতল।’

তিনি জানান, ডিএনসিসি পরিবেশ রক্ষায় শিগগিরই ‘এনভায়রনমেন্ট অ্যান্ড স্যানিটেশন টাস্কফোর্স’ গঠন করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোহাম্মদ ফজলে এলাহী, অধ্যাপক মুজিবুর রহমান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান।