অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এমন ঘোষণার পর নিজেদের দখল করা স্থাপনা স্বতঃপ্রণোদিত হয়ে উচ্ছেদ করলেন দখলদারেরা। রবিবার (২৯ আগস্ট) নগরীর নিমতলী মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি প্রত্যক্ষ করে নগর কর্তৃপক্ষ।
রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ হতে মাইকিং করা হয়, সোমবার নিমতলী মোড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এ সময় অবৈধভাবে দখল করে রাখা দোকানগুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়।
সে অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য সোমবার করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, পুলিশ সদস্য, করপোরেশনের সার্ভেয়ার, পেশকার, উচ্ছেদ শ্রমিকসহ উচ্ছেদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিমতলী মোড়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর তারা সবাই অবাক হন। ইতোমধ্যে লাল কালিতে চিহ্নিত ১৫টি দোকান কে বা কারা রাতের মধ্যে উচ্ছেদ করে ফেলেছেন। পরে খবর নিয়ে জানা যায় যে, দখলদারেরা নিজ উদ্যোগে তা উচ্ছেদ করেছেন।
সামগ্রিক বিষয়ে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘উচ্ছেদ নিয়ে গতকাল নিমতলী মোড়ে মাইকিং করা হয় এবং লাল কালি দিয়ে সেগুলো চিহ্নিত করে দেওয় হয়। আজ আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, দখলদারেরাই নিজ উদ্যোগে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়েছেন।’
নিজ উদ্যোগে এই দখলমুক্তির ফলে সেখানে ১২০ ফুট দৈর্ঘ্য এবং সর্বনিম্ন ১০ ফুট হতে ৩০ ফুট প্রশস্ত হয়েছে।