বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিককে খুনের দায়ে গৃহকর্মী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মাকসুদুর রহমান ডায়নাকে হত্যার অভিযোগে গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম শোয়েব আক্তার লাদেন।

বুধবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়ারী বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, সোমবার (২৯ আগস্ট) শেরপুরের নালিতাবাড়ি থেকে শোয়েবকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

উপপুলিশ কমিশনার জিয়াউল আহসান বলেন, ‘গত ১৬ অগাস্ট মাকসুদুর রহমান খুন হন। হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন পর ২৭ আগস্ট যাত্রাবাড়ীর গোলাপবাগের একতলা বাড়ির ভেতরে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।’

মাকসুদুর সমকামি ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘শোয়েব কয়েক বছর ধরে মাকসুদুরের বাসায় কাজ করতো। যখনই প্রয়োজন হতো, তখনই শোয়েবকে ডাকতেন মাকসুদুর। এভাবেই তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। মাকসুদুর ওই বাসায় একাই বসবাস করতেন। তার পরিবারের অন্য সদস্যরা দেশের বাইরে থাকেন।’

জিয়াউল আহসান বলেন, ‘হত্যাকাণ্ডের কিছু দিন আগে শোয়েব বিয়ে করে। বিয়ের পরও শোয়েবকে বাসায় ডেকে সমকামিতায় বাধ্য করতেন মাকসুদুর। বিয়ের বিষয়েও আপত্তি জানিয়েছিলেন। টাকা-পয়সা দিয়ে শোয়েবকে ম্যানেজ করতেন। ১৬ অগাস্ট বাসার টেবিলে থাকা হাতুড়ি দিয়ে মাকসুদুরের মাথায় আঘাত করে পালিয়ে যায় শোয়েব। পরে সেখানেই মাকসুদুরের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘ওই বাসায় প্রতিবেশী কারো যাতায়াত ছিল না। ফলে বিষয়টি কেউ টের পায়নি। ঘটনার ১০দিন পর লাশ উদ্ধার করা হয়।’