বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে নদী পাড়ের জনগণ এবং নাগরিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে বুড়িগঙ্গা নদী কার্নিভাল। আগামী ১০ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ টাওয়ার মাঠ, থোটা গুদারাঘাট থেকে এ আয়োজন শুরু হবে। যৌথভাবে আয়োজনটি করবে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কনফোর্ডিয়াম।
বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উৎসবের ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি থেকে বলা হয়, নদী উৎসবের মধ্য দিয়ে নদীতে দূষণ-বিরোধী কাজ না করতে জনগণকে উৎসাহিত করা হবে। নদীদূষণ প্রতিরোধে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, যুবক, তরুণ, গণমাধ্যমকর্মী, স্থানীয় সংগঠন এবং নদী পাড়ের সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন করা হচ্ছে।
নদী কার্নিভালে যে সব কর্মসূচি থাকবে তা হলো– মুসলিমবাগ টাওয়ার মাঠে মুড়িগঙ্গা নদীকার্নিভালের উদ্বোধনী সমাবেশ করা হবে, মুসলিমবাগ টাওয়ার মাঠ সংলগ্ন থোটা গুদারাঘাট থেকে শতাধিক নৌকার অংশগ্রহণে বুড়িগঙ্গা নদী কার্নিভাল নদীর তীর ঘেঁষে বাবু বাজার ব্রিজ হয়ে ঘুরে নদীর অপর পার দিয়ে খোলামোড়া ঘাট পর্যন্ত যাবে, খোলামোড়াঘাট থেকে এই কার্নিভাল নদীর ডান তীর ঘেঁষে আবার থোটা ঘাটের দিকে আসবে, থোটা মাটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নদী কার্নিভাল শেষ হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামালের সভাপতিত্বে নদী কার্নিভালে গেস্ট অব অনার হিসাবে থাকবেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. কামরুল ইসলাম।