যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম শরীফ খান (২৯)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের কাছে বাঁশ পট্টির দক্ষিণ পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম এ তথ্য জানান।

শরিফ ঢাকার ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা গ্রামের ইউনুস খানের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। এক সন্তানের জনক তিনি।

নিহতের বন্ধু আওলাদ হোসেন বলেন, ‘শরিফ বাদামতলী এলাকায় ‘সাথী ফ্রেস ফুড’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল। যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের কাছে বাঁশ পট্টির দক্ষিণ পাশের সড়কে পৌঁছালে মুরগিবাহী পিকআপ ভ্যান তার মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আলম বলেন, ‘মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’