উন্নয়ন কার্যক্রম বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের জানাবে ডিএনসিসি

নিজেদের উন্নয়ন কার্যক্রম বিদেশি বিশিষ্ট ব্যক্তিদেরকে জানানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বনানীর শেরাটন হোটেলে ঢাকায় অবস্থিত সকল রাষ্ট্রদূত ও বিদেশি সাহায্য সংস্থাকে দাওয়াত করা হবে।

ইতোমধ্যে এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অতিথিদের আমন্ত্রণপত্র বিতরণ ও অভ্যর্থনার জন্য ২০ সদস্যের একটি দলও গঠন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ দলের এক সদস্য বলেন,  'ডিএনসিসির উন্নয়ন কার্যক্রমের ওপর দশ মিনিটের একটি উপস্থাপনা করবেন মেয়র। সকল উন্নয়ন কার্যক্রম এ অনুষ্ঠানের মাধ্যমে জানানো হবে। অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত ৫০টি দেশের রাষ্ট্রদূত এবং পত্রিকা ও টেলিভিশনের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদেরকে দাওয়াত করা হবে। তবে কোনও গণমাধ্যমে প্রচার সংক্রান্ত দাওয়াত যাবে না।'

সরকারের উচ্চ পর্যায় থেকে অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশনা আছে বলে তিনি জানান।

কেন বিদেশিদের সাথে উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, 'এ অনুষ্ঠানের উদ্দেশ্য হতে পারে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমে বিদেশিদের সাথে আর্থিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা।'