ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে অগ্নি নির্বাপক মহড়া

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সদর দফতরের উদ্যোগে ও ঢাকার ফায়ার সার্ভিসের সার্বিক সহায়তায় এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে এর আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ।

যে কোনও স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসহ যে কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে আগুন নেভানোর কাজ করা হবে সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়াটি অনুষ্ঠিত হয়। ১০ জন ফায়ার ফাইটার এবং ৬০ জন ট্যুরিস্ট পুলিশ সদস্য এতে অংশ নেন।

মহড়া শেষে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ বলেন, ‘প্রতিবছর আমাদের এখানে একটা মহড়া হয়। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস যে কাজ করেন সেটাই মহড়ায় দেখি। এ মহড়াটা তাদের। মহড়ার পেছনে যে মহড়া আছে সেটা তাদের তত্ত্বাবধানে হয়। তারা জানেন আমাদের পরিকল্পনা।’

তিনি বলেন, ‘বহুতল ভবনে আগুন লাগলে কী হবে– আমরা তো সেটা দেখছি না। সেটা ভয়াবহও হতে পারে। তাই আমরা চর্চা রাখছি।’

ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘আমরা সাধারণত ফায়ার সার্ভিস থেকে আশা করি উদ্ধার তৎপরতা কীভাবে করা যায়। আমাদের হাইডেন পিলার বা হাইডেন পাইপ দিয়ে পানি নেভানো সম্ভব। ফায়ার সার্ভিসের কাজ হিডেন পিলার বা হিডেন পাইপ ঠিক আছে কিনা– পরীক্ষা করা। আমাদের ভুলভ্রান্তি থাকলে দেখিয়ে দেওয়া ও গাইড করা। যাতে আমরাও প্রস্তুত থাকি ফায়ার ফাইটিং করার জন্য।’

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ সব পদমর্যদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. হাসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নি নির্বাপণের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।