রাজধানীর আফতাবনগর থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের প্রবেশ গেটের সামনে বাড্ডা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় উদ্ধার করা হয় ৩৫ হাজার পিস ইয়াবা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক ব্যক্তিরা হলো মো. জহিরুল ইসলাম ও মো. বেলাল উদ্দিন মৃধা। এ সময় তাদের হেফাজত থেকে ৩৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
তিনি আরও বলেন, গুলশান বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের প্রবেশ গেটে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলামকে আটক করে বাড্ডা থানা পুলিশ। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের লোহার ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৩৩ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন মৃধাকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা।