বড় কাটারা ভাঙার ঘটনা তদন্তে মেয়র তাপসের নির্দেশ

ঢাকার ঐতিহ্যবাহী বড় কাটারার একটি অংশ ভেঙে ফেলার ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে পুরনো ঢাকার চকবাজারের বড় কাটারার ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশনা দেন তিনি।

মেয়র তাপস বলেন,  আর যেন কেউ ভাঙতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো স্থাপনাটি সিলগালা করা নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন,  আমাদের ঐতিহ্যবাহী  বড় কাটারার একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। আমি আশ্চর্য হয়েছি সিটি করপোরেশন থেকে কয়েক বছর আগের একটি চিঠি অবলম্বনে এই ব্যক্তি ভাঙা আরম্ভ করেছেন। এত অত্যন্ত দুঃখজনক। আমি মর্মাহত হয়েছি।

তিনি বলেন, আমি তো অবাক হয়েছি সে নিজে আবুল কাশেমের বংশধর দাবি করেছে— এটা আমাকে অবাক করেছে। সে হয়তো বিভিন্ন সময় জাল কাগজ বানিয়েছে। যেহেতু মিয়া আবদুল কাশেম ও শায়েস্তা খাঁন মুঘল আমলে এটা নির্মাণ করেছেন এটা তো সরকারের বিভিন্ন সংস্থার হাতে ন্যস্ত হওয়ার কথা। হয় সিটি করপোরেশন বা জেলা প্রশাসন অথবা প্রত্নতত্ত্ব অধিদফতরের বা গণপূর্তের  হাতে ন্যস্ত হওয়ার কথা ছিলও।  এটা সরকারের বাইরে যাওয়ার কথা ছিল না। কিন্তু সরকারি সংস্থার অবহেলা কারণে এরকম হয়েছে।