সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

রাজধানীর কদমতলীর জুরাইনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এসএসসি শিক্ষার্থীসহ দুই জন আহত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলো— হাজী আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাব্বি শেখ (১৭)  ও স্থানীয় কনকর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. জাহিদ (১৬) ।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের  জরুরি বিভাগে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত দুই শিক্ষার্থী জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালে নিয়ে আসা আহত রাব্বির এলাকার ভাই জিসান ভূঁইয়া জানায়, একমাস আগে মিষ্টির দোকান এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে একটি মারামারি হয়েছিল। তার জের ধরে রাতে রাব্বিকে মিষ্টির দোকানের দিকে ডেকে নিয়ে ওই এলাকার কয়েকজন ছুরিকাঘাত করে আহত করে।পরে আহত অবস্থায় রাত সাড়ে দশটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

অপরদিকে হাসপাতালে নিয়ে আসা জাহিদের এলাকার বড় ভাই মীর হোসেন জানায়, মিষ্টির দোকান এলাকায় ঘুরতে গিয়েছিল জাহিদ। সেখানে ওই এলাকার কিছু ছেলে তার কোমরে ছুরিকাঘাতে আহত করে। পরে সেখান থেকে রাতে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে  নিয়ে আসি।তবে কী কারণে ও কেন এ ঘটনা ঘটেছে বলতে পারেনি স্বজনরা।

আহত রাব্বির বাবা মো. রমজান ফল ব্যবসায়ী। জুরাইন কমিশনার রোডে পরিবারের সাথে থাকে রাব্বি।

আহত জাহিদের বাবার নাম মৃত জাকির হোসেন। জুরাইন গ্যাস পাইপ রোডে পরিবারের সাথে থাকে।