বকশীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

রাজধানীর বকশীবাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আরিফ (৩০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

বাপ্পি নামে এক শিক্ষার্থী বলেন, তিনি বকশীবাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। বকশীবাজার মোড় বর্তাবাড়ি হোটেলের সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আরিফ। সেখানে এক টোকাই ছাড়া আর কেউ ছিল না। তিনি জানান, একটি কাভার্ডভ্যান আরিফকে ধাক্কা দিয়ে চলে গেছে। তখন আমি দুই থানায় ফোন করি, কিন্তু কেউ আসনি। পরে একটি রিকশায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ভর্তি করিয়ে আমি চলে যাই। সকালে খবর পাই তিনি মারা গেছেন।

আহত অবস্থায় মো. আরিফ বলেন, ‘তার নাম আরিফ। তার কেউ নেই।’

মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’