‘একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কী খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।’
শনিবার (১৫ অক্টোবর) বিকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিশুদের নিয়ে কাজ করায় জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে মেয়র বলেন, 'জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি প্রদান করা হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।'
শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে ডিএনসিসি দ্রুতই পদক্ষেপ নিবে বলেও জানিয়েছেন মেয়র।
এসময় মেয়র মো. আতিকুল ইসলাম উৎসবে অংশ নেওয়া শিশুদের সাথে মিশে আনন্দ ভাগাভাগি করেন।