বিভিন্ন পদে কর্মরত ১০১ জনকে ছয়টি পদে পদোন্নতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
কর্মচারীদের মধ্যে হিসাবরক্ষক পদে ২ জন, কেয়ারটেকার ৪ জন, রেভিনিউ সুপারভাইজার ৪০ জন, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ১৭ জন, ব্যক্তিগত সহকারী ৯ জন, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে ২৯ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা সংস্থাপন ও প্রশাসন বিভাগে যোগদান করবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা নতুন পদে আগামী এক বছর শিক্ষানবিশ হিসেবে নিয়োজিত থাকবেন। পরে বিধি মোতাবেক পদোন্নতি প্রদানকৃত পদে তাদের স্থায়ী করা হবে।
পদোন্নতিপ্রাপ্তরা জানিয়েছেন, তাদের অনেকে ৩০ বছর ও অনেকে ২৫ বছর পর পদোন্নতি পেয়েছেন।
উত্তর সচিব দফতর সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নামে ভাগ হওয়ার পর এটাই কর্মচারীদের প্রথম পদোন্নতি।