বার্মিংহামের মেয়রের সম্মানে মেয়র তাপসের মধ্যাহ্ন ভোজ

যুক্তরাজ্যের বার্মিংহামের মেয়র অ্যান্ডি স্ট্রিটের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ফোয়ারা চত্বর সংলগ্ন লনে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।310895893_1562125380906286_7920043029693301888_n

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে নগর ভবনে পৌঁছালে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বার্মিংহামের (ওয়েস্ট মিডল্যান্ডস) মেয়র অ্যান্ডি স্ট্রিটকে স্বাগত জানান। পরে দুই মেয়র নগর ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মাননা স্মারক হস্তান্তর করেন। এর পরে অ্যান্ডি স্ট্রিট মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ সময় তিনি সেখানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়াও মধ্যাহ্ন ভোজ আয়োজনের জন্য করপোরেশনের মেয়রসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে বার্মিংহাম মেয়র নগর ভবন চত্বরে একটি কদম গাছ রোপণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহা-ব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, মেয়র প্যানেলের এক নম্বর সদস্য ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহসহ মেয়র প্যানেলের সদস্যবৃন্দ, স্থায়ী কমিটিসমূহের সভাপতি ও সদস্যবৃন্দ এবং করপোরেশনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বার্মিংহাম (ওয়েস্ট মিডল্যান্ডস) মেয়র প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। গত ১৩ নভেম্বর বিকালে তিনি ঢাকা পৌঁছান। তিনি আগামীকাল সিলেটে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবেন বলে সফরসূচিতে বলা হয়েছে।