কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ, ২ চালক আহত

রাজধানীর তেজগাঁওয়ে বিয়ার-ভর্তি একটি প্রাইভেটকারের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এসআই ময়নুল ইসলাম বলেন, আহত প্রাইভেটকার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় বিয়ার-ভর্তি প্রাইভেটকারটি দুমরে মুছরে গেছে।

তিনি জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে তেজগাঁয়ের নিপ্পন মোড় এলাকায় গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। কাভার্ডভ্যানটি ওষুধ কোম্পানির মালামাল এবং প্রাইভেটকারটি বিয়ার বহন করছিল।

কর্তব্যরত এই পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি মামলা করা হবে। প্রাইভেটকারটিতে বহন করা বিয়ারগুলো বৈধ ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে।