পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার আলু বাজার এলাকায় পাঁচতলা ভবনের পাঁচতলার জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতার কারণে আগুন আশপাশে ছড়াতে পারেনি। যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে এর ব্যাপকতা অনেক বেশি হতো। ভবনের প্রতিটি ফ্লোরে অগ্নিনির্বাপক দেখতে পেয়েছি। তবে আগুন লাগার কারণে এবং আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ার কারণে কেউ সেগুলো ব্যবহার করেনি বলে ধারণা করছি।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ঘটনার কারণ অনুসন্ধান করবে। তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরবেন বলে জানান ফায়ার সার্ভিসের এ সহকারী পরিচালক।