রাজধানীর সবুজবাগে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া দগ্ধ গৃহবধূ মারিয়া বেগমের (২৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মারিয়া বেগমের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওই নারীর স্বামী মো. মাসুম বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে মাদারটেক বাসাবোর ভাড়া বাসায় সবার অগোচরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় মারিয়া। পরে তাকে শেখ হাসিনার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার আগের রাতে আমি ঝালকাঠি গ্রামের বাড়িতে যাই। পরে খবর পাই মারিয়া নিজের গায়ে আগুন দিয়েছে।
তিনি আরও বলেন, গত সেপ্টেম্বরে আমি আরেকটা বিয়ে করি। মারিয়া সেই কারণে অভিমানে এ ঘটনা ঘটাতে পারে।
মারিয়া ঝালকাঠি সদর উপজেলার ওষুধ ব্যবসায়ী মো. মাসুমের স্ত্রী। বর্তমানে বাসাবো মাদারটেক পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।