রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

রাজধানীর বনশ্রীতে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. আশিকুর রহমান (২৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই হেদায়েতুল ইসলাম নয়ন বলেন, মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় আশিকুল। পরে সংবাদ পাই ফরাজি হাসপাতালের সামনে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষে সে গুরতর আহত হয়েছে। উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিকুর বনশ্রী এলকায় বসবাস করতেন।