‘অ্যান্টি জু মুভমেন্ট অব বাংলাদেশ’-এর ব্যানারে চিড়িয়াখানা বন্ধের দাবিতে কর্মসূচির আয়োজন করেছে সেভ দ্য ন্যাচার। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার শাহাবাগ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
চিড়িয়াখানা বন্ধের দাবিতে সম্মিলিত আন্দোলন বন্য প্রাণীর টর্চার সেল চিড়িয়াখানা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণচিঠি লেখে কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু সংগঠন।
এ সময় সমাবেশ ও মানববন্ধনে খাঁচাবন্দি হয়ে, শিকল পরে, ফেস্টুন, প্ল্যাকার্ড ও লিফলেট প্রদর্শন করে প্রতিবাদ জানান তারা।
চিড়িয়াখানা বন্ধ করার এই আন্দোলনের সদস্যসচিব আবুল বাশার মিরাজ বলেন, ‘চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায় কোনও না কোনও প্রাণী অসুস্থ। দেশের কোনও চিড়িয়াখানায় কোনও সঠিক ব্যবস্থাপনা নেই। চিড়িয়াখানায় প্রাণীদের বন্দি রেখে কষ্ট দেওয়ার কোনও মানে হয় না। তাই সারা দেশের সব অবৈধ চিড়িয়াখানা বন্ধ করার দাবি জানাচ্ছি।’
আন্দোলনের আহ্বায়ক আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সারা দেশের অর্ধশতাধিক অবৈধ চিড়িয়াখানার নিষ্ঠুর পরিবেশে বন্দি হাজারো বন্য প্রাণী। সেগুলো এখন মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ-অসহায় বন্য প্রাণীদের বন্দিত্ব থেকে অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবিতে উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সারা দেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর এক লাখ পোস্টকার্ড প্রেরণ ও একই দাবিতে পোস্ট কার্ড পূরণ বা গণচিঠি লিখন কর্মসূচি পালিত হবে, সেখানে সবার অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’