রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কের অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদে বুধবার (২২ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এ সময় পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি জানান, সাতরাস্তা হয়ে ফার্মগেট যাওয়ার পথে যে রেলক্রসিংটি রয়েছে সেটিকে সরিয়ে রাস্তাটি সোজা করে দিলে যানজট অনেক কমে যাবে।
জবাবে মেয়র আতিক বলেন, ‘এ বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ডিএনসিসির প্রধান প্রৌকশলীকে বিষয়টি সার্ভে করে ডিজাইন করার নির্দেশ দেন তিনি।
মেয়র আনিসুল হক সড়কে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ডিএনসিসি মেয়র বলেন, ‘আনিসুল হক সড়কে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
উচ্ছেদ অভিযানকালে ট্রাক মালিকরা গাড়ি রাখার জন্য প্রয়োজনী জায়গার ব্যবস্থা করতে অনুরোধ জানালে মেয়র বলেন, ‘আগে রাস্তা খালি করতে হবে, পরে আপনাদের কথা শুনবো। আপনারা সহযোগিতা করলে আমিও সহযোগিতা করবো। আজ থেকে এই রোডে কোনও গাড়ি থাকবে না, এটি আপনারা নিশ্চিত করবেন।’
তেজগাঁওয়ের এই ব্যস্ততম সড়কটিতে স্থায়ীভাবে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় কাউন্সিলরকে প্রধান করে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুলিশ বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।