ঐতিহাসিক ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসে পতাকা সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ও ভাস্কর রাশা। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম ঘটনাগুলোর মধ্যে একটি পতাকা উত্তোলন। কিন্তু বর্তমানে এটাকে ভুলে যাওয়া হয়েছে। আমি আশা করি এই পতাকা দিবসকে সরকারিভাবে পালন করা হবে এবং জাতির কাছে তা জানাতে হবে।’
মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত বলেন, ‘আজ থেকে ৫২ বছর আগে ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু সেই পতাকা দিবসকে আমরা এখন ভুলে গেছি। ভুলে গেছি স্বাধীনতার ইতিহাসকে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের শত শত বর্ষের স্বাধীনতার যে আকাক্ষা তা ২ মার্চের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পরের দিন ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা ও জাতীয় সঙ্গীত ঘোষণা করেন বঙ্গবন্ধু।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।