রায়েরবাজারে শিশুদের জন্য মোবাইল প্লে গ্রাউন্ড উদ্বোধন

রাজধানীতে খেলাধুলা ও সামাজিকীকরণের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় শিশুদের খেলাধুলার জন্য মোবাইল প্লে গ্রাউন্ডের উদ্বোধন করা হয়। সেখানে প্রতি শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ্ন মোবাইল প্লেগ্রাউন্ডে ছবি আঁকা, কারুকাজ, দাবা-লুডু-ক্যারম-দড়ি লাফ-ব্যাডমিন্টন ইত্যাদি কার্যক্রম আয়োজিত হবে।

শনিবার (১১ মার্চ) বিকাল ৩টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর, হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, পশ্চিম ধানমন্ডি মধুবাজার এলাকাবাসী ও ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে রায়েরবাজারের মধুবাজার পশ্চিম ধানমন্ডি হাজী আক্তার হোসেন রোডে এর উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন এই মোবাইল প্লে গ্রাউন্ডের উদ্বোধন করেন।

কাউন্সিলর বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। কিন্তু এত মানুষের বিপরীতে মাত্র একটি খেলার মাঠ রয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকার বিষয়টি বিবেচনায় ৩৪ নম্বর ওয়ার্ডে সৈকত হাউজিং, নিরিবিলি হাউজিং, পশ্চিম ধানমন্ডি শংকর চেয়ারম্যান গলি— এ তিনটি স্থানে মোবাইল প্লে গ্রাউন্ডের ব্যবস্থা করেছি। যার ধারাবাহিকতায় আজ পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ্ন এলাকাবাসীর জন্য চতুর্থ মোবাইল প্লে গ্রাউন্ড আয়োজন করা হলো। ঢাকার প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কার্যক্রম আয়োজিত হলে নগরবাসী উপকৃত হবেন এবং একটি প্রাণবন্ত ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।

ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম বলেন, খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগের অভাবে শিশু-কিশোররা এখন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এককেন্দ্রিক মনোভাব তৈরি হওয়ায় তাদের মধ্যে নেতিবাচক বিভিন্ন আচরণ প্রকাশ পাচ্ছে। আগামী প্রজন্ম যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সে জন্য সংশ্লিষ্ট বাড়ি মালিকদের কাছে মোবাইল প্লে গ্রাউন্ড আয়োজন ও বাস্তবায়নে সহায়তার আহ্বান জানাই।

ওয়ার্ক ফর আর বেটার ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ঢাকা শহরে ৩৭টি ওয়ার্ডে কোন মাঠ-পার্ক নেই। এলাকার স্বল্প ব্যবহৃত বা অব্যবহৃত স্থানগুলোতে সহজেই মোবাইল প্লে গ্রাউন্ডের মতো অস্থায়ী আয়োজনের মাধ্যমে খেলাধুলা ও সামাজিকীকরণের আয়োজন করা যেতে পারে। এ ধরনের উদ্যোগগুলো এলাকাবাসীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক তৈরি করবে, যা সামাজিক নিরাপত্তা বিধানেও সহায়ক হবে।

মধুবাজার বাইতুল আমান জামে মসজিদের মোতোয়ালি হাজী জামাল হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. নাসিম রহমান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক বেদানা বেগম, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছিন্নমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ হাজী মো. লুৎফর রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক জিয়াউর রহমানসহ আরও অনেকে।