মতিউর রহমানের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হলুদ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ ও জাকিরকাণ্ডের মাধ্যমে চাইল্ড এক্সপ্লোটেশনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে করলেও এতে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড়ের গোলচত্বরে অবরোধ করে অবস্থান নেন তারা। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ গোল চত্বরে অবস্থান নেন। এরপর তারা সড়ক অবরোধ ছেড়ে দেন। এতে সড়কে সাময়িক দুর্ভোগও সৃষ্টি হয়।

অবস্থানস্থলে গিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন বলেন, ‘ছাত্রসমাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা ছাত্রলীগ তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। যেহেতু রমজান তাই বেশি দিন এই মোড় অবরোধ করে জনদুর্ভোগ বাড়াবো না।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘১৯৭২ সাল থেকে ৭৪ সাল পর্যন্ত জাতির পিতাকে পরিবারসহ হত্যার পরিবেশ (বাসন্তীকাণ্ড) ঘটিয়েছে এদেশের সাম্রাজ্যবাদের একটি এশিয় দালাল। বর্তমান সময়েও এ ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসে একটি শিশুকে দশ টাকা দিয়ে এ ধরনের মন্তব্য তৈরি করেছে। এটি সাংবাদিকতার নৈতিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। যারা এটি করেছে, প্রথম আলো ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগ একমত পোষণ করছে৷