গুলশানে বিভিন্ন শপিংমলে ভোক্তা অধিদফতরের অভিযান

রাজধানীর গুলশানে বিভিন্ন শপিংমলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম কসমেটিক পণ্য ও তৈরি পোশাকের ওপর বিশেষ অভিযান পরিচালনা করেছে। রবিবার (২ এপ্রিল) অভিযান চালিয়ে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা এবং মো. মাগফুর রহমান।

অভিযানে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

কর্মকর্তারা জানান, অভিযানে গুলশান এলাকার কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, ফার্মেসি ও অন্যান্য প্রতিষ্ঠানে তদারকিকালে সবজি, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্য যৌক্তিকমূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, সঠিক ওজন, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওষুধ, নকল পণ্যসহ ভোক্তাস্বার্থ বিরোধী কোনও অপরাধ সংঘটিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে গুলশান থানা পুলিশের একাধিক টিম সহযোগিতা করে।