বঙ্গবাজারে আগুন: স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ঢাবি শিক্ষার্থীরা

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীরা। দোকানের মালামাল রক্ষায় দোকানিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফজলুল হক মুসলিম হল এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরাও।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টায় বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে। অমর একুশে হলের অবস্থান ঘটনাস্থলের কাছে হওয়ায় আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের পানির পাইপ নির্বিঘ্ন করতেও কাজ করেন ছাত্ররা। অনেকে দোকানিদের মালামাল সরাতে সাহায্য করছেন।

ব্যবসায়ীদের মালামাল সরাতে সাহায্য করেন শিক্ষার্থীরা

এ দিকে, দোকানিদের মালামাল নিরাপদে রাখতে হলের গেট খুলে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, দোকান থেকে বের করা মালামাল হলের গেটে ও হলের সামনে রাখা হয়েছে। অনেকেই ভ্যানে করে যতটা পারছেন মালামাল বের করে নিয়ে আসছেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা পাইপ সচল এবং ঠিক রাখতে সহযোগিতা করছিলাম। লোকজন বেশি হওয়ায় ঠিকভাবে পারছিলাম না। এখন ফায়ার সার্ভিসের লোকজন সবাইকে সরিয়ে দিচ্ছে। তাই ব্যবসায়ীদের মালামাল সরাতে সাহায্য করছি আমরা। আপাতত তারা মালামাল আমাদের হলে এনে নিরাপদে রাখতে পারছেন।

অমর একুশে হলের গেট খুলে দেওয়া হয়েছে

অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীরা সহযোগিতা করছেন। আমরা হলের গেট খুলে দিয়েছি। ব্যবসায়ীরা যাতে নিরাপদে মালামাল রাখতে পারে। রক্তের প্রয়োজন হলে আমাদের রক্তদানকারী বাঁধন সংস্থাও প্রস্তুত আছে।’

বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।