সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে উৎসুক জনতা। তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন তৎপরতা দেখা যায় না। কিছুক্ষণ পর পর ধাওয়া দিলেও আবার ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে মোবাইলে ভিডিও করা শুরু করে। অনেকে আগুনকে কেন্দ্র করে চুরির উদ্দেশ্যেও উৎসুক জনতার সঙ্গে মিশে যায়। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি আগুনের ঘটনা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভোর, সকাল কিংবা মধ্যরাত যখনই আগুনের ঘটনা ঘটে তার পরপরই উৎসুক জনতার ভিড়ে আগুন নেভানোর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। আগুন লাগার পর কত দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেদিকেই বেশি তৎপর থাকে ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু সব ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয় আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলের আশপাশ থেকে মাইকে কিংবা স্থানীয় ব্যক্তিরা এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসুক জনতাকে ভিড় না করতে বললেও তারা শোনে না।
সম্প্রতি রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুন, সায়েন্সল্যাব এবং সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর আগুন, মধ্যরাতে তেজগাঁয়ে টিসিবি গোডাউনে আগুন, রাতের বেলা খিলগাঁয়ে পাঁচতলা ভবনে আগুন, তেজগাঁয়ে তেজকুনিপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। একদিকে উৎসুক জনতা অন্যদিকে পানির উৎস না থাকায় পানি স্বল্পতার কারণে ব্যাহত হয় ফায়ার সার্ভিসের কার্যক্রম। সবশেষ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও উৎসুক জনতা পিছু ছাড়েনি। মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর উঠে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে তৎপর হলে তারা সেখানে গিয়েও ভিড় করে। আর এসব উৎসুক জনতা এবং কিছু ব্যবসায়ী মিলে ভাঙচুর চালায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স মো. তাজুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোথাও আগুন লাগলে আগুন নেভানোর কাজে বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতা। তাদের সরিয়ে কাজ করতে গিয়ে কাজের গতিশীলতা অনেকটাই বাধাগ্রস্ত হয়।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অপারেশন শাখার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আগুনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে থাকে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কাজের গতিশীলতা ঠিক রাখতে এবং উৎসুক জনতাকে সরাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। এই উৎসুক জনতার কারণে আইনশৃঙ্খলার বিষয়ে একটু বাড়তি নজর রাখতে হয়।