রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বঙ্গবাজারের আগুনের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে পরিচালক অপারেশন অ্যান্ড মেনটেনেন্স লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে ও সদস্য সচিব করা হয়েছে ঢাকা জোন ১-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদকে।
এছাড়া, তিন সদস্য হলেন–ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র।