হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর বেল্টের উত্তর পাশে ফ্রি টেলিফোন বুথের পার্শ্ববর্তী লাল রঙ এর প্লাস্টিকের ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দণ্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
এরপর সব সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি সোনার বার (১১৬ গ্রাম করে প্রতিটি) পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
জিয়াউল হক জানান, উদ্ধার হওয়া সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো কাস্টমসের গুদামে জমা করা হয়েছে।