র‌্যাবের অভিযান

৯ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রাজধানীতে নকল পণ্য ও ভেজাল খাদ্যদ্রব্যবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রি করায় ৯ প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম রাজধানীর কদমতলী, ডেমরা ও সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বুধবার (১২ এপ্রিল) র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান। তিনি জানান, কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুত ও বাজারজাত করে আসছিলেন। অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে এবিসি সুপার ওয়্যারকে তিন লাখ টাকা, সাহারা অ্যান্টারপ্রাইজকে দেড় লাখ, পপুলার ক্যাবলসকে দেড় লাখ, লুকার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে এক লাখ, মিন্টু হোল্ডিং ইলেকট্রনিক্সকে এক লাখ, মেসার্স আর ক্যাবলসকে ৫০ হাজার, টেকনো ট্রেডার্সকে দেড় লাখ, মাস্টার শফিউল্লাহ অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেডকে ৫০ হাজার এবং সানমিং হারবাল ফুডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করে।