রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের পাশে সড়ক বিভাজকে (আইল্যান্ডে) ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় বাসা থাকা ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি মো. সাহেদ আল মাসুদ।

তিনি বলেন, মিরপুর দিক থেকে ছেড়ে আসা বিহঙ্গ পরিবহনের একটি বাস চন্দ্রিমা উদ্যানের এলাকায় আসে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়, এরপর ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি পরপর কয়েকটি উল্টি খায়। এ সময় বাসের ভেতরে ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাই আহত হন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে যায়।