হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হন তার বন্ধু রাজিব (২৫)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।

সাব্বির রাজধানীর মাতুয়াইল দক্ষিণপাড়ার স্থায়ী বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে।

মৃতের বন্ধু ফারহান সাদিক জানান, সাব্বির ও রাজিব রাতে নাজিরাবাজার হোটেলে খাবার খেতে ও ঘুরতে বের হয়। খাবার খেয়ে টিএসসি মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে কুতুবখালীর বাসায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় যাত্রীবাহী বাস কে কে পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে দুজনই আহত হয়। দুজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। রাজিব চিকিৎসাধীন।

এসআই মিজানুর রহমান বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দসহ চালককে আটক রয়েছে।