এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ এপ্রিল থেকে। পরীক্ষা উপলক্ষে ঢাকার কেন্দ্রগুলোতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৩ সালের এসএসসিও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।