রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপরে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসের চালক ছিলেন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এ তথ্য জানান।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মৃত আব্দুল গফুরের ছেলে শহিদুল। বর্তমানে তুরাগের বাউনিয়াবাদ এলাকায় থাকতেন।
উদ্ধারকারী ও সহকর্মীদের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘বাসটির প্রকৃত চালক ছিলেন শহিদুল ইসলাম বাবু। তবে বাসটি চালাচ্ছিলেন তার এক বন্ধু। হেলাপার পেছনে ঘুমাচ্ছিলেন। শহিদুল ছিলেন গেটে। সায়েদাবাদমুখী বাসটি মগবাজার ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে গেটে থাকা শহিদুল রাস্তায় ছিটকে পড়েন। পাশ দিয়ে আসা একটি পিকআপ ভ্যানচাপায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই রুহুল আমিন বলেন, ‘কোন গাড়িটি চাপা দিয়েছিল তা শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’