এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান থেকে হিমেল মুস্তাকিম নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘এসএসসি বিএটিসিএইচ-২০২৩’ নামে একটি ফেসবুক গ্রুপে হিমেল মুস্তাকিম জানান, তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসএসসি-২০২৩ এর বাংলা প্রথম পত্রের ১০০ শতাংশ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময়কাল পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে।’
পরে হিমেল তার ‘প্রশ্ন/কোয়েশ্চেন অল বোর্ড’ নামে ফেসবুক পেজে বেশকিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে প্রতি জনের কাছ থেকে ১৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে তাকে শনাক্ত করে সোমবার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ৩০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ২০২৩ সালের এসএসসিও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।