বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। বিস্ময়কর হচ্ছে, মানুষের এই কষ্ট দেখার কেউ নেই।’
শুক্রবার (৫ মে) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাইফুল হক আরও বলেন, ‘বাস্তবে বাজারের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। দেশ পরিচালনার রাজনৈতিক বৈধতা না থাকায় সরকার বাজারও নিয়ন্ত্রণ করতে পারছে না।’
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে ১৯৯ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সরকারি এই সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন এবং জনগণের ওপর নতুন গজবের শামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ-রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’
এ সময় তিনি জরুরি পরিষেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার সরকারি পাঁয়তারাকে শ্রমিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে অনতিবিলম্বে শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক আন্দোলন জোরদার করারও আহ্বান জানান।
শ্রমিকনেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন– সংগঠনের আহবায়ক শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, কবি জামাল সিকদার প্রমুখ।