ঢামেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৮ মে) বিকাল ৫টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের পাশে সার্জারি ওয়ার্ড সংলগ্ন নার্সদের ড্রেসিংরুমে আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আতঙ্কে অনেক রোগী নিচে নেমে যায়। কর্তব্যরত নার্স নাসরিন আক্তার এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে অক্সিজেন সিলিন্ডারসহ জরুরি কিছু প্রয়োজনীয় মালামাল এবং একটি বিছানা ছিল।’ কীভাবে সেখানে আগুন লাগে বা ধোঁয়ার সৃষ্টি হয় তা জানতে পারেননি তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘নার্সদের ড্রেসিংরুমের বাথরুমে পুরাতন কিছু কাপড়ে আগুন লাগে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা আসে। তার আগেই ওয়ার্ডের লোকজন আগুন নিভিয়ে ফেলে।’