রাজধানীতে বাস উল্টে আহত ২০

সড়কে যাত্রী তুলতে পাল্লা দিতে গিয়ে রাজধানীর কাওরান বাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। এই ঘটনায় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে কাওরান বাজারের দিকে যেতে পান্থকুঞ্জ পার্কের সামনে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার এএসআই মো. শফিক বলেন, আমরা ঘটনা শোনার পর এসেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।345418429_2469676716525061_6703481680312610367_n

সরেজমিনে দেখা গেছে, অন্তত বিশজন যাত্রী আহত হয়েছেন। এদের কারও কারও হাত ভেঙে গেছে। কোনও কোনও যাত্রীকে রাস্তার পাশে বসে কাঁদতে দেখা গেছে।

বাসের যাত্রী পরিচয়ে একজন জানান, যাত্রী তুলতে আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বাম পাশে থাকা বিহঙ্গ পরিবহনের বাসটি ডান দিকে চাপ দিতে গিয়ে উল্টে যায়।

ঘটনার পর সড়কে গাড়িজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও কন্ডাকটর পালিয়ে গেছে।

যাত্রী তুলতে সড়কে প্রতিযোগিতায় নামা শিকড় পরিবহনের বাসটি ঘটনাস্থলে রয়েছে।