বিদেশি কোম্পানির গোডাউনে ডাকাতি: আরও ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার

সাভারে চীনের ইলেকট্রিক্যাল পণ্যের একটি কোম্পানির গোডাউন থেকে প্রায় এক কোটি ৩৪ লাখ টাকার মালামাল চুরি হয় গত ১১ ফেব্রুয়ারি। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য নিয়ে মালামালও উদ্ধার করা হয়েছে। সর্বশেষ পুলিশ আরও ৬০ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে। শনিবার (২০ মে) দুপুরে ঢাকা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্মিরা হাবিব খান।

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার (১৯ মে) বিকাল সাড়ে ৩টায় সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা গোডাউনে ডাকাতির ঘটনা জড়িত। গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আলামিন (২১) ও মো. আলামিন হোসেন (২০)। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে অন্যদের কাছ থেকে প্রায় ৩৮ লাখ টাকার মালামালসহ একটি মাইক্রোবাস এবং একটি ট্রাক উদ্ধার করা হয়।

উদ্ধার মালামাল

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১১ ফেব্রুয়ারি রাতে সাভার মডেল থানা এলাকার চায়না ফাস্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডের একটি ডিপোতে ডাকাতি হয়। অজ্ঞাত ব্যক্তিরা ঢাকা ওয়াসার ৩ হাজার ৮৭৪ পিস পানির মিটার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক এবং ডিভিআর চুরি করে। এসব পণ্যের বাজারমূল্য এক কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৩৯৫ টাকা।

এই ঘটনায় ১২ ফেব্রুয়ারি ওই কোম্পানির সিকিউরিটি কমান্ডার মো. আহসান হাবীব (৩২) বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করেন। মামলার রহস্য উদ্ঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্মিরা হাবিব খানকে নির্দেশ দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পরে তিনি কাজ শুরু করেন।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্মিরা হাবিব খান

মোবাশ্মিরা হাবিব খান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ৮ মার্চ গ্রেফতার করা হয় ওই চক্রের ছয় সদস্যকে। জিজ্ঞাসাবাদে ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এক হাজার ১৬৮ পিস পানির মিটার এবং ৩২৩ পিস পানির মিটার রাখা পিতলের পাত্র উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া উদ্ধার করা হয় মালামাল বিক্রির নগদ আট লাখ টাকা এবং লুটপাটের কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস। এরপর ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাক চালককে এক কার্টন পানির মিটারসহ গ্রেফতার করা হয়। সর্বশেষ শুক্রবার ডাকাতির ঘটনার মূলহোতা মো. আলামিন ও মো. আলামিন হোসেনকে গ্রেফতার করা হলো।

তিনি বলেন, শুক্রবার গ্রেফতার দুই জনের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার আমিনবাজার হিজলাপাড়া সাকিন ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে মৃত সাহাবুদ্দিন চেয়ারম্যানের বাড়ির নিচতলার রুম থেকে ১৫৫ কার্টন ওয়াসার পানির মিটার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অবশিষ্ট মালামাল উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।