রাজধানীর পশ্চিম রামপুরায় মাশরুরুর রহমান (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
নোয়াখালীর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মিজানুর রহমান চৌধুরীর ছেলে মাশরুরুর। তার বাবা বিটিভির ক্যামেরাম্যান। বর্তমানে হাতিরঝিলে থাকেন। মাশরুরুর রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালে নিয়ে আসা মৃতের বাবা মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘দুপুরে মাশরুরুরকে কলেজে যাওয়ার জন্য হাত খরচের টাকা দিয়ে অফিসে যাই। তার কলেজে যাওয়ার কথা ছিল। তার মা কামরুননাহার ছোট দুই ছেলেকে স্কুলে নিয়ে যান। পরে দুপুরে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালার সহযোগিতায় দরজা ভেঙে দেখেন বারান্দার গ্রিলের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছে মাশরুরুর। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল পৌনে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না। ছেলের সঙ্গে ভালোভাবে কথা বলে হাত খরচের টাকা দিয়ে অফিসে যাই। তারপর এমন খবর পাই।’
বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’