রামপুরায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

রাজধানীর রামপুরায় নিনা খান (৪৩) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। স্বামী গিয়াসউদ্দিন তাকে মারধর করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

স্বজনরা জানায়, স্বামী-স্ত্রী দুই জনই অ্যালিকো ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেন। স্বামী একটি শাখার ইউনিট ম্যানেজার। তারা ভালোবেসে ২০১২ সালে বিয়ে করেন। তাদের কোনও সন্তান নেই। থাকতেন রামপুরার পূর্ব হাজীপাড়ার বিসমিল্লাহ টাওয়ারে।

মৃতার ভাগ্নি লিরা খান বলেন, মৃতার স্বামী তাদের জানিয়েছেন, নিনা রান্না করতে গিয়ে চুলার আগুন শরীরে লেগে মারা গেছেন। সে সময় তার স্বামী বাহিরে গিয়েছিলেন, ফিরে এসে আগুনে দগ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। চিকিৎসকরা তাদের জানিয়েছেন হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে গিয়াস উদ্দিন তার মৃতা স্ত্রীকে নির্যাতন করতেন। মারধর করতেন। আজও তিনি তাকে মারধর করেন, এবং ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করে শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছেন। তিনি আরও জানান, মৃতার মাথায় ও কপালে রক্তাক্ত জখম ছিল।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তওফিকা ইয়াছমিন বলেন, আমরা ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে মরদেহ উদ্ধার করি। মৃতের পরিবারের লোকজনের অভিযোগে পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত করে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নরসিংদী জেলার পলাশ উপজেলার বিবন্দা গ্রামের মৃত সিরাজ উল্লাহ খাঁনের মেয়ে নিনা খান।