রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় আয়শা সিদ্দিকা কথা (২৩) ও সিমা (২২) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জুন) বিকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
মৃত আয়শা সিদ্দিকার স্বামী প্রাইভেটকার চালক মো. ফরহাদের বরাত দিয়ে এসআই সোনিয়া পারভিন বলেন, ‘আয়শা তার স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকায় ভাড়া বাসার থাকতেন। পাশের ভাড়াটিয়ার কাছ থেকে তার স্বামী ফরহাদ এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সময় মতো তা পরিশোধ করতে না পাড়ায় পাওনাদার আয়শাকে গালিগালাজ করেন। ফোনে ফরহাদকে এ কথা জানান আয়শা। পরে ফরহাদ বাসায় ফিরে আয়শাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।’
মৃতের বাবার নাম হরিপদ মণ্ডল। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।
অপরদিকে, রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে সিমা (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এসআই সোনিয়া বলেন, ‘সিমা সম্পর্কে ভালো করে এখনও কিছু জানা সম্ভব হয়নি। যতটুকু শুনেছি, তিনি মুগদা হাসপাতালে ভর্তি থেকে মারা গেছেন। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন। এছাড়াও তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’