এডিস মশার বিস্তার রোধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনটির তত্ত্বাবধায়ককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে পাঁচ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৮ জুন) দুপুরে নগরীর ধলপুর এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। এছাড়াও এ সময় মানিকনগর এলাকায়ও অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় পারটেক্স গ্রুপের ওই ভবনসহ মোট পাঁচটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকের অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন একটি ভবন এবং ব্যক্তি মালিকানায় থাকা নির্মাণাধীন আরেকটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। দুটি মামলায় ১০ হাজার টাকা করে নির্মাণাধীন ওই দুই ভবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও তিনটি বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া যায়। এতে তিনটি মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে আজ অভিযানে পাঁচ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে দিকনির্দেশনা দেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, অঞ্চল-৫ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন প্রমুখ।