রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে নাসরিন (২৫) নামে এক গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিত খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি এক নম্বর সড়কের একটি ভবনের ছয়তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা যান ওই তরুণী। তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে এক বছর ধরে গৃহকর্মী হিসাবে কাজ করছিলেন। খবর পেয়ে আমরা ওই ভবনের সামনে থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসআই বলেন, ‘বিষয়টি এখনও তদন্তাধীন। ওই তরুণীর গ্রামের বাড়ি ভোলায় বলে জানা গেছে। তবে ভোলার কোথায়, তার বাবা-মায়ের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এখনও পাওয়া যায়নি। ওই বাসার লোকজন তার বিস্তারিত ঠিকানা দিতে পারছেন না। তবে আমরা পরিবারের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছি।’
তিনি কী কারণে লাফিয়ে পড়েছেন, নাকি ফেলে দেওয়া হয়েছে– জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি লাফিয়ে পড়েছেন। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’