রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলী (২৫) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মোহাম্মদ আলী ডেমরার কোনাপাড়ার ধার্মিক পাড়ায় পরিবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
বাচ্চু মিয়া বলেন, ‘বুধবার যাত্রাবাড়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে বোনজামাই জসিম উদ্দিন ও বড় ভাই সোহেল তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’
নিহতের বড় ভাই মো. সোহেল বলেন, ‘নিহত মোহাম্মদ আলী পেশায় লেগুনা চালক ছিলেন। সকালে বাসা থেকে কাজের জন্য বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালেই মারা যান।’