২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর কোতয়ালি থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ। মঙ্গলবার (১ আগস্ট) রাতে কোতয়ালি থানার নবাব সিরাজউদ্দৌলা পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. হেফজোর রহমান ওরফে পিংকন রানা ওরফে বাবু ও মো. সাকিব হোসেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘কোতয়ালি থানার নবাব সিরাজউদ্দৌলা পার্কের (জিন্দাবাহার পার্ক) সামনে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ হাজার পিছ ইয়াবা।’

তিনি জানান, গ্রেফতার দুই জন কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।