মশা নিধনে নতুন আয়োজন ডিএনসিসির

সব প্রক্রিয়া শেষ করে সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেন্সিস) এনেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী রবিবার (৬ আগস্ট) থেকে ডিএনসিসির আওতাধীন এলাকায় এই কীটনাশক প্রয়োগ করা হবে।

তার আগে, শুক্র ও শনিবার ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের কনফারেন্স হবে। সেখানে ডিএনসিসির কর্মকর্তারা জানবে বিটিআই কীটনাশকটি কীভাবে মিক্সিং হবে, কীভাবে ও কোথায় ব্যবহার হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মেয়র আতিক বলেন, ‘আমরা ডিএনসিসি থেকে কল সেন্টারের মাধ্যমে নগরবাসীকে সচেতন করছি। শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সভা করেছি শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে। এখন কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সভা করছে।’

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি তিন স্তরে কার্যক্রম শুরু করেছে জানিয়ে মেয়র বলেন, ‘সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নেতৃত্বে টাস্কফোর্স মাঠে আছে। প্রতি মাসে কার্যক্রমের ছবিসহ অন্তত দুটি প্রতিবেদন পাঠাবে কাউন্সিলররা।’

এ সময় ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কীটতত্ত্ববিদ নিয়োগের জন্য স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে অনুরোধ জানান মেয়র আতিক।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বর্তমানে ১২৯টি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সারা পৃথিবীতেই এ ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়ছে। তবে আশার কথা হলো, ডেঙ্গু রোগের সংক্রমণ হ্রাস করা সম্ভব। সেজন্য প্রধান কাজ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা।’

এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারেন বলে জানান মন্ত্রী।

এডিস মশার লার্ভা পাওয়া গেলে বা লার্ভা জন্মানোর মতো উপযুক্ত পরিবেশ আছে এমন বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন অফিস-আদালতকে বড় অঙ্কের জরিমানা করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘নানাভাবে সতর্ক করার পরও মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার মতো অসচেতনতাকে ক্ষমা করার সুযোগ নেই।’

মতবিনিময় সভায় শুরুর আগে নগর ভবনের সম্মুখস্থল থেকে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচটি নির্দেশনা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারমন্ত্রীসহ সব কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে গুলশান-২ গোলচত্বর হয়ে আবার নগর ভবনে এসে শেষ হয়।

বিটিআই হলো এক ধরনের ব্যাকটেরিয়া। এটি মশার লার্ভার পেটে গিয়ে দুই ঘণ্টার মধ্যে তার পাকযন্ত্র নষ্ট করে দেয়। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি ব্যবহারে মানুষ, পোষা প্রাণী, জলজ প্রাণী, গবাদি পশু এবং উপকারী পোকামাকড়ের ক্ষতি হয় না।