রাজধানীর বাড্ডায় নিজের শরীরে নিজেই আগুন দিয়ে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন। তার নাম মো. রনি মিয়া (৩৫)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামের মোস্তফা মিয়ার ছেলের রনি। ইয়ানুর নামের ছয় বছর বয়সী এক মেয়ের জনক তিনি। তার স্ত্রী সোনিয়া বেগম জাহান গার্মেন্টসের অপারেট।
রনির স্ত্রী সোনিয়া বেগম জানান, রনি পেশায় রিকশাচালক। কিন্তু ঠিকমতো কাজে যান না। জুয়া খেলে ২০ থেকে ৩০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সময় অনেকেই তাকে টাকার জন্য চাপ দেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাসার বাইরে গিয়ে তিনি নিজেই নিজের শরীরে আগুন দেন। পরে চিৎকার শুনে তাকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তরিকুল ইসলাম বলেন, ‘রনির শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’