রাতে বাসায় ফিরে অসুস্থ, সকালে বন বিভাগের কর্মকর্তার মৃত্যু

রাজধানীর মালিবাগে শনিবার রাতে বাহির থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন বসন্ত কুমার দাস (৫২) নামে বন বিভাগের এক কর্মকর্তা। রবিবার (১৩ আগস্ট) তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, তাকে মারধর করা হয়েছিল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাড়াটংঙ্গী গ্রামের রঘুনাথের ছেলে বসন্ত। থাকতেন মালিবাগের গুলবাগে। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

মৃতের ছোট ভাই হেমন্ত কুমার দাস জানান, তার ভাই বসন্ত কুমার দাস বন বিভাগে হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। হেমন্ত কুমার একই বিভাগের অফিস সহকারী হিসাবে কর্মরত রয়েছেন। তার ভাই ফুফাতো বোন মিনা দাসের সঙ্গে কথাবার্তা বলতেন। এ নিয়ে ওই নারীর স্বামী শান্তি মন্ডল শনিবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসন্তকে চড়থাপ্পড়, কিল-ঘুষি মারেন। পরে তিনি বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন। রবিবার সকালে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’