জরিমানা করায় মানুষ সচেতন হয়েছে: মেয়র আতিক

গত কয়েকমাস ধরে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনিসিসি) থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জরিমানা করা হয়। এতে মানুষ সচেতন হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির যেসব ভবনে লার্ভা পাওয়া গিয়েছিল সেগুলোতে পুনরায় অভিযানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মো. আতিকুল ইসলাম বলেন, ‘গত ৮ জুলাই জাপান গার্ডেন সিটিতে অভিযানে এসে সব ভবনের বেজমেন্টে প্রচুর লার্ভা পেয়েছিলাম। এতে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। আমি জাপান গার্ডেনকে লার্ভা গার্ডেন বলেছিলাম। প্রতিটি বেজমেন্টে লার্ভা ছিল। কিন্তু আজ এসে দেখলাম পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। এখন জাপান গার্ডেন সিটি হয়েছে রোজ গার্ডেন সিটি। এতে প্রমাণ হলো, জনগণ যদি সম্পৃক্ত হয় মশার উপদ্রব কমানো সম্ভব। পূর্বে এডিসের লার্ভা পাওয়া ভবনে পুনরায় অভিযানে এসে দেখলাম জরিমানা করায় মানুষ সচেতন হয়েছে। আসলে জরিমানা করলে মানুষের টনক নড়ে।’

ডিএসসিসিতে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম মন্তব্য করে মেয়র বলেন, ‘মহাখালী ডিএনসিসি হাসপাতালের অধিকাংশই ঢাকার বাইরের রোগী। মানুষ সচেতন হয়েছে। আমরা সচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছি। গত দেড় মাসে যেখানে অভিযান চালানো হয়েছে সেখানে আবারও রিভার্স অভিযান চলবে। দেড় মাসে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুরোটাই জমা হয়েছে রাজস্ব বিভাগে। যদি এই টাকা সিটি করপোনেশন পেতো তবে মশক নিধন ও জনসচেতনতায় ব্যয় করা যেতো।’

বিটিআই আমদানি নিয়ে জালিয়াতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, ‘বিটিআই আমদানির বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতকে আমরা চিঠি দিয়েছি। তারা জানিয়েছে বিটিআই আমদানি করা যাবে। ফলে পিপিআর অনুযায়ী টেন্ডারে সবচেয়ে কম দরদাতা কোম্পানিকে কাজটি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পিপিআরে কোথাও বলা ছিল না কোন দেশ থেকে আনতে হবে। আনার পরে জাহাঙ্গীরনগর কীটতত্ত্ব বিভাগে পরীক্ষা করা হয়, সেখানে কার্যকর প্রমাণিত হয়। ডিএনসিসির ইভ্যুলেশন কমিটি এটি পরীক্ষা করেছে সেটিও কার্যকর রেজাল্ট পেয়েছি। আইইডিসিআরও এটাকে কার্যকর বলেছে। আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট যেহেতু দাবি করেছে, তারা সিঙ্গাপুরের বেস্ট ক্যামিকেলস থেকে এনেছে এজন্য তাদের কাছে প্রমাণকসহ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।’

মোহাম্মদপুরে অভিযান শেষে সাংবাদিকদের উপস্থিতিতে ডিএনসিসি নগর ভবনে বিটআই টেস্ট করা হয়। এ সময় ছিলেন– জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। তিনি বলেন, ‘এখন যে টেস্ট করা হলো ছয় ঘণ্টার মধ্যে এটির রেজাল্ট পাওয়া যাবে। এর আগে জাহাঙ্গীর নগরের ল্যাবের টেস্টে শতভাগ কার্যকরী রেজাল্ট পাওয়া গেছে।’

এ সময় আরও ছিলেন– ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক।